ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মজুদ রাখা সরকারি ঔষধ ও মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। রবিবার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী জুয়েল খান বলেন, আড়াইটার দিকে হঠাৎ স্টোর রুমে আগুন লাগে। দ্রুত সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে, তারা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।”

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারী বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বেশ কিছু মালামাল পুড়ে গেছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছানোর আগেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।