সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেফতার যুবলীগের দুই নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ প্রত্যেকের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন মো. নুরুল ইসলাম ও মো. সজিব।

গতকাল দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন সাভার থানার এসআই মো. শাখাওয়াত ইমতিয়াজ। রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গ্রেফতারদের একজন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও একই ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং অপরজন যুবলীগ কর্মী।

রিমান্ড আবেদনে বলা হয়, সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে মঞ্চের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। তাদের মধ্যে দুই সাংবাদিকও রয়েছেন। ঘটনাস্থল থেকে বিস্ফোরকের টিনের কৌটার অংশ, লাল স্কচটেপ, তারপিন ও বালুমাটি জব্দ করা হয়।

হামলার ঘটনা তদন্তে পুলিশ তিন সদস্যের কমিটি গঠন করেছে। তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেফতার দুই ব্যক্তি সমাবেশ শুরুর আগে ও চলাকালে ঘটনাস্থল ও আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. হাসান যুগান্তরকে জানান, আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে ও একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে সাভার পল্লীবিদ্যুৎ সমিতির জি এম মো. মামুন মঙ্গলবার সকালে যুগান্তরকে জানান, কোথাও অতিরিক্ত লোডে কোনো ফল্ট হলে তা অটোমেটিক সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, এটা একটা নরমাল প্রসেস (স্বাভাবিক প্রক্রিয়া)। যার সব রেকর্ড বিদ্যমান আছে। এখানে পল্লী বিদ্যুৎ অফিসের কোনো ভূমিকা নেই।

সুন্দরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল : সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলার প্রতিবাদে গতকাল গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা শাখার নেতাকর্মীরা। সন্ধ্যায় উপজেলা পরিষদের পুরাতন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সম্প্রসারিত ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা এনসিপির আহ্বায়ক আল শাহাদাৎ জামান জিকো, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান বকসি, সদস্য সচিব জুলাইযোদ্ধা আশানুর রহমান প্রমুখ। নেতারা বলেন, সমাবেশে কাপুরুষোচিত বোমা হামলা প্রমাণ করে একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়।