সরকারের কৃচ্ছ্রসাধন বা ব্যয় সংকোচন নীতির বিপরীতে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফ্যান ও লাইট চালিয়ে বহিরাগতদের নিয়ে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিসরের খেলা দেখছিলেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন ও আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান। এ বিষয়ে সাংবাদিক প্রশ্ন করায় উপস্থিত কর্মকর্তাদের ইঙ্গিতে তাকে জোর করে আটকে রেখে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। মারধর ও লাঞ্ছিত করার পাশাপাশি তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয়। ক্যামেরার মেমোরি কার্ড ছিনিয়ে নেওয়া হয় এবং মোবাইল ফোনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও, তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট মুছে ফেলা হয়। এছাড়া জোর করে একটি মুচলেকায় স্বাক্ষর করানোর পাশাপাশি ঘটনাটি প্রকাশ করলে তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আক্রান্ত সাংবাদিক দিদারুল ইসলাম ‘ঢাকা টুডে’র স্টাফ রিপোর্টার। এ বিষয়ে সাভার ইউএনও সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।