নতুন প্রজন্মকে দেশপ্রেম, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণের চেতনায় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বাংলাদেশকে রক্ষার দায়িত্ব নতুন প্রজন্মকেই নিতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে, খেলাধুলায় দক্ষতা অর্জন করে এবং বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে একটি সমৃদ্ধ, সবুজ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শুক্রবার বগুড়ার মোকামতলার স্বর্নগ্রাম ইউনিয়নের দাড়িদহ উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউনিয়নের ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ছয় হাজার শিক্ষার্থীর মাঝে ওই গাছের চারা বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সিদ্ধান্ত— ‘একজন ছাত্র, একটি গাছ’। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবেই আমাদের এ আয়োজন। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ করবে, পরিচর্যা করবে এবং পরিবেশ রক্ষার দূত হিসেবে গড়ে উঠবে।








