সদরপুরে নিখোঁজের তিন দিন পর কাশবন থেকে শাহাদাত হোসেন (৮) নামে এক মাদ্রাসাছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন পাঁচজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সোমবার দুপুরে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরবর্তী একটি কাশবন থেকে লাশটি উদ্ধার করা হয়। শাহাদাত ওই ইউনিয়নের চন্দ্রপাড়া পুরাতন ঘাট এলাকার আবদুর রশিদের ছেলে এবং ডাঙ্গী কওমি মাদ্রাসার ছাত্র। আটকরা হলো-শরীয়তপুরের জাজিরার মদনতালুকদার কান্দি গ্রামের দেলোয়ার ব্যাপারী, মাগুরার মহাম্মদপুরের তামিম মোল্যা, ঝিনাইদহ হাটগোপালপুর এলাকার জিহাদ মাহমুদ, সদরের নারায়ণপুরের রিয়াজ এবং খোদাবাকরি গ্রামের শাকিল ইসলাম। জানা যায়, শুক্রবার চন্দ্রপাড়া দরবার সংলগ্ন ট্রলারঘাটে মহররম উপলক্ষে আয়োজিত মেলায় ঘুরতে গিয়ে শাহাদাত নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে মাইকিং করে খোঁজাখুঁজি চালালেও তাকে পাওয়া যায়নি।

সোমবার দুপুরে মেলায় থাকা একটি দোলনার কর্মচারী ইয়াছিন নিহতের বোন রওশনারাকে ফোন করে লাশের অবস্থান সম্পর্কে জানায়। ঘটনার পর থেকেই ইয়াছিন পলাতক রয়েছে। ঘটনার পর স্থানীয়রা মেলার ওই দোলনার মালিকসহ কয়েকজন কর্মচারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। ওসি আব্দুল আল মামুন শাহ জানান, হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।