চাঁদা না দেওয়ায় সাদুল্লাপুরের কামারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনার ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় তিনিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার দুপুরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দেখা গেছে। স্থানীয়রা জানান, মাছচাষ করার জন্য শহিদুল ইসলাম সোনা নিজস্ব পুকুর খনন করছেন। তিনি পুকুরের মাটিগুলো সরকারি কাজে সড়ক নির্মাণের জন্য সরবরাহ করেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালের দিকে সোনা মিয়ার পুকুরের উত্তোলন করা মাটি ট্রাক্টরযোগে নির্মাণাধীন সড়কে বহন করা হচ্ছিল। এ সময় কার্যক্রম নিষিদ্ধ দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও পূর্ব দামোদপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল খালেক, নান্নু মিয়া, লাজু মিয়া এবং কফিল উদ্দিনের ছেলে সিরাজুল ইসলামসহ আরও কয়েকজন সোনা মিয়ার কাছে চাঁদা দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে তারা তার ওপর হামলা করেন। এসময় হামলাকারীদের লাঠির আঘাতে সোনা মিয়ার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। এতে আরও একাধিক ব্যক্তি আহত হন। অভিযুক্ত আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। থানার ওসি একেএম হাবিবুর রহমান হাবিব বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








