রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেট ভবনের ১৪ তলা থেকে নারী চিকিৎসকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ফারা ফেরদৌস (৩২)। শুক্রবার দুপুরে শাহবাগ থানা পুলিশ ৮/এম নম্বর ফ্লাটের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ফারা ৩৯তম বিসিএসের একজন চিকিৎসক ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) কার্ডিওভাসকুলার বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, দুপুরে স্থানীয় লোকজন ভবনের ওই তলার একটি কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখে বিষয়টি পুলিশকে জানায়।