কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে নৌকাডুবির ঘটনার একদিন পর শাহপরীর দ্বীপ উপকূল থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার হাজীপাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেড়িবাঁধের ব্লকের মধ্যে কাপড়বিহীন এক যুবকের মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেন। পুলিশের ধারণা, গত শুক্রবার ভোরে শাহপরীর দ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তিনি একজন হতে পারেন। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সনজীব বলেন, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩২ বছর। তার মুখে দাড়ি রয়েছে। শরীরে প্রাথমিকভাবে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।