বলিউড অভিনেতা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রসংলগ্ন বাংলো ‘মান্নাত’-এর সংস্কারকাজের অনুমোদন চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
আদালত বলেছে, আইন মেনে যে কোনো ব্যক্তি নিজের বাড়িতে সংস্কার বা পরিবর্তন করতে পারেন। তবে এ ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম ও বিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
মুম্বাইয়ের এক বাসিন্দা ওই আবেদনটি করেছিলেন। তার অভিযোগ ছিল, ‘মান্নাত’-এর সংস্কার ও সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন এবং পরিবেশগত বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শোয়েব আলম আদালতে যুক্তি দেন, এই প্রকল্পের জন্য ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন ছিল। তিনি দাবি করেন, প্রকল্পে পরিবেশগত নিয়ম লঙ্ঘনের বিষয়টি এখনও বহাল রয়েছে।
তিনি বলেন, ৫ কোটি রুপির বেশি ব্যয়ের প্রকল্পের ক্ষেত্রে এ ধরনের অনুমোদন বাধ্যতামূলক।
আবেদনকারীর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন
শুনানির সময় সুপ্রিম কোর্ট আবেদনকারীর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলে।
ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘মান্নাত’ একটি ব্যক্তিগত বাসভবন। বাড়ির মালিকরা আইন মেনে সেখানে পরিবর্তন বা সংস্কার করতে চাইলে তা করতে পারেন।
আবেদনকারীর আইনজীবী বিষয়টি পুনরায় জাতীয় পরিবেশ আদালতে (এনজিটি) পাঠানোর আবেদন করেন। তবে সুপ্রিম কোর্ট সেই অনুরোধ গ্রহণ করেনি।
আদালত স্পষ্ট করে জানায়, এ মামলায় কোনো ব্যক্তি জনপ্রিয় বা তারকা হওয়ার কারণে আদালতের সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না।
এর আগে এনজিটিতেও আবেদন খারিজ
এর আগে শাহরুখ খান ও গৌরী খানের ‘মান্নাত’ বাংলোর সংস্কার ও সম্প্রসারণের জন্য দেওয়া পরিবেশগত ও উপকূলীয় অনুমোদনের বিরুদ্ধে করা আবেদন খারিজ করেছিল জাতীয় পরিবেশ আদালত (এনজিটি)।
এনজিটি তার আদেশে জানিয়েছিল, প্রকল্পটি পরিবেশগত নিয়ম মেনে করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। এর ফলে ‘মান্নাত’-এর সম্প্রসারণকাজ এগিয়ে নেওয়ার পথ পরিষ্কার হয়।
২০২৫ সালের মার্চ মাসে সমাজকর্মী সন্তোষ দাউন্ডকর এনজিটিতে ওই আবেদন করেছিলেন।
তিনি মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি ৩ জানুয়ারি যে উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল অনুমোদন দিয়েছিল, তা চ্যালেঞ্জ করেন।
আবেদনে অভিযোগ করা হয়েছিল, ‘মান্নাত’-এর সম্প্রসারণের অনুমোদন দেওয়ার প্রক্রিয়ায় পরিবেশগত বিধিমালা যথাযথভাবে মানা হয়নি।
তবে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি ছিল, সব ধরনের প্রয়োজনীয় অনুমোদন আইন অনুযায়ী নেওয়া হয়েছে।
দুই তলা বাড়ানোর পরিকল্পনা নিয়ে বিতর্ক
গৌরী খান ‘মান্নাত’-এর ছয়তলার একটি সংযুক্ত ভবনে আরও দুটি তলা যোগ করার প্রস্তাব দিয়েছিলেন। এ প্রস্তাবকে ঘিরেই উপকূলীয় ও পরিবেশগত অনুমোদন নিয়ে বিতর্ক তৈরি হয়।
এখন সুপ্রিম কোর্টও ওই চ্যালেঞ্জ গ্রহণ না করে আবেদনটি খারিজ করে দিয়েছে।
সূত্র: এনডিটিভি
এমএসএম








