সুপ্রিম কোর্ট ট্রাম্পের বিশ্বব্যাপী বাণিজ্য শুল্ককে অবৈধ ঘোষণা করার আগেই মার্কিন সরকার কয়েক হাজার কোটি ডলার শুল্ক ফেরত দিয়েছে। সোমবার প্রকাশিত বাজেট পরিসংখ্যানের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

গত বছর পুনরায় ক্ষমতায় আসার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনার একটি প্রধান অংশ ছিল আমদানি করা পণ্যের উপর কর।

ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ট্রাম্পের আদেশ করা অতিরিক্ত শুল্কের একটি বড় অংশ বাতিল করে দেয়, যার ফলে সরকার শুল্ক প্রদানকারী সংস্থাগুলোকে অর্থ ফেরত দিতে বাধ্য হয়।

বাজেটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে শুরু হওয়া চলতি অর্থবছরে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত শুল্ক ফেরত বাবদ ৮১ বিলিয়ন ডলার (৬১ বিলিয়ন পাউন্ড) পরিশোধ করেছে, যেখানে গত বছর একই সময়ে এই পরিমাণ ছিল ৫ বিলিয়ন ডলার।

ট্রেজারি বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই বিপুল পরিমাণ অর্থ ফেরতের প্রায় পুরোটাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের কারণে হয়েছে এবং এর বেশিরভাগ অর্থ ফেরত দেওয়া হয়েছে মে ও জুন মাসে।

ট্রাম্প এই শুল্ক আরোপকে অর্থনীতির জন্য একটি সর্বাঙ্গীণ সমাধান হিসেবে তুলে ধরেছিলেন, যার মাধ্যমে কারখানাগুলো যুক্তরাষ্ট্রে ফিরে আসবে, আরো ভালো বাণিজ্য চুক্তি হবে এবং ফেডারেল বাজেটের ঘাটতি পূরণ হবে।