পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিনটি আসনের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বরাইক।

সোমবার (১৩ জুলাই) রাজ্য বিধানসভায় গিয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সংসদীয় মন্ত্রী শংকর ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ দলের শীর্ষ নেতারা।

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানান সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বরাইক। পরে তারা রাজ্যসভার সদস্যপদ ও তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন। এর ফলে পশ্চিমবঙ্গের তিনটি রাজ্যসভা আসনে উপনির্বাচনের প্রয়োজন হয়।

এরপর কলকাতায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন এই তিন নেতা। দলে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে বিজেপি।

আগামী ২৪ জুলাই তিনটি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজ্য বিধানসভায় ভোটগ্রহণ চলবে। ভোট শেষে বিকেল ৫টা থেকে গণনা শুরু হবে।

দলে যোগ দেওয়ার পরপরই রাজ্যসভার টিকিট পাওয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, এখানে ব্যক্তিগত পরিচয় বড় বিষয় নয়। এই তিনজনেরই রাজ্যসভার মেয়াদ বাকি ছিল। তারা আগের দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সে ক্ষেত্রে দলেরও একটি দায়িত্ব থাকে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সুস্মিতা দেব বলেন, "বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পেরে ভালো লাগছে। সম্প্রতি আমরা বিজেপিতে যোগ দিয়েছি। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে কাজ করাই আমাদের লক্ষ্য।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ এ ঘটনায় কটাক্ষ করে বলেন, মমতা ব্যানার্জীর আজ ক্ষমতায় না থাকায় অনেকেই দল ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু তিনি ক্ষমতায় থাকলে তারাই চারপাশে থাকতেন।

সূত্র: ডিডি/এমএসএম