হরমুজ প্রণালিতে তেলবাহী দুটি ট্যাংকারে কথিত ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিক নিহত এবং আরও আটজন আহত হওয়ার ঘটনায় ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে আন্তর্জাতিক নৌপথে কর্মরত ভারতীয় নাবিকদের প্রাণহানির সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে হরমুজ প্রণালির দক্ষিণ অংশে চলাচলরত তাদের ‘মোম্বাসা’ ও ‘আল বাহিয়াহ’ নামের দুটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে উভয় জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

নিহত ভারতীয় নাবিক মোম্বাসা ট্যাংকারে কর্মরত ছিলেন। আহতদের মধ্যে ৬ ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক রয়েছেন।

হামলার তীব্র নিন্দা জানিয়ে আমিরাত বলেছে, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে এবং যে কোনো নিরাপত্তা হুমকি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার (১৪ জুলাই) ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এর আগে রোববার সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সি-তে কথিত ইরানি হামলার পর এক ভারতীয় নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। ভারত এসব হামলাকে ‘গভীর উদ্বেগজনক’ বলে নিন্দা জানিয়েছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, সতর্কবার্তা উপেক্ষা করে নৌ-নির্দেশনা ব্যবস্থা বন্ধ রেখে ‘মাইন পাতা পথ’ দিয়ে যাওয়ার চেষ্টা করায় দুটি ‘অপরাধী’ ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো অচল করে দেওয়া হয়েছে। তবে তারা জাহাজগুলোর নাম উল্লেখ করেনি।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের কালহাত উপকূলের উত্তর-পূর্বে একটি ট্যাংকার অজ্ঞাত উৎস থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে সেটি সংযুক্ত আরব আমিরাতের উল্লেখ করা একই ঘটনার অংশ কি না, তা নিশ্চিত নয়।

গত ফেব্রুয়ারির শেষ থেকে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে একের পর এক হামলার ঘটনায় অন্তত সাত ভারতীয় নাবিক নিহত হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী বাণিজ্যিক নৌবহরে তিন লাখের বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন।