গত সপ্তাহে ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম গত চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৩ দশমিক ৭৯ ডলার বেড়ে ৮৭ দশমিক শূন্য ৮ ডলারে দাঁড়িয়েছে, যা ৪ দশমিক ৫৫ শতাংশ বৃদ্ধি এবং ১২ জুনের পর সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্র ও ইরান ১৭ জুন সংঘাতের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং একটি স্থায়ী শান্তি চুক্তির জন্য আলোচনা শুরু করে। ওই সময় থেকে তেলের দর কমতে শুরু করেছিল। সর্বশেষ চলতি মাসের শুরুতে যখন একটি শান্তি চুক্তি কার্যকর বলে মনে হচ্ছিল, তখন দাম ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলারে নেমে এসেছিল।
গত সপ্তাহে আকস্মিকভাবে ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় ইরান। চলতি সপ্তাহে ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে। মঙ্গলবার ভোররাতে মার্কিন হামলা জবাবে ইরান বাহরাইন ও জর্ডানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সংশ্লিষ্ট দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। এতে একজন নাবিক নিহত ও আটজন আহত হোন। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এই জলপথটি দিয়ে জাহাজ চলাচল বন্ধের উপক্রম।








