দীর্ঘ ১৮ বছর পর ফের কলকাতা শহরে পা রাখতে চলেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্রসদনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘সেক্যুলার মিশন’ ও ‘পশ্চিমবঙ্গের জন্য’ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দিতেই তসলিমা কলকাতায় আসছেন বলে জানা গেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ অনুষ্ঠানে তসলিমা নাসরিন নিজে কবিতা পাঠ করবেন। একই সঙ্গে তিনি নিজের মতামত প্রকাশ করবেন দর্শকদের সামনে। শুধু তাই নয়, তসলিমা নাসরিনের কবিতা নিয়ে তৈরি হওয়া বেশ কিছু গানে তিনি নিজেই সুর মেলাবেন ও গান গাইবেন।
আয়োজক সংগঠনের অন্যতম কর্মকর্তা মোহিত রায় সংবাদমাধ্যমকে জানান, প্রায় দীর্ঘ দুই যুগ ধরে কলকাতায় ফেরার জন্য ব্যাকুল হয়ে আছেন তসলিমা নাসরিন। অবশেষে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।
২০০৭ সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার থাকাকালীন কলকাতায় এসেছিলেন তসলিমা নাসরিন। সে সময় তার সফরকে কেন্দ্র করে শহরজুড়ে তীব্র আন্দোলন গড়ে ওঠে। পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে উঠেছিল যে, কলকাতার আইনশৃঙ্খলা রক্ষা করতে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সেনা নামাতে হয়েছিল।
সেই ঘটনার পর তসলিমা নাসরিনকে কলকাতা ছাড়তে হয়। এরপর আর তার তিলোত্তমায় ফেরা সম্ভব হয়নি। পরবর্তীতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরও বিভিন্ন সময়ে তসলিমা নাসরিনকে বিরোধিতার মুখে পড়তে হয়েছিল। অবশেষে দীর্ঘ ১৮ বছর পর ফের কলকাতার কোনো প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দিতে আসছেন এই লেখিকা।
তার এই আগমনকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
ডিডি/কেএএ/








