পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছে। এর প্রস্থ ১৬ ফুট। দুই যুগে সৈকতে ভেসে আসা মৃত তিমির মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম। 

সোমবার (২৯ জুন) সকালে সৈকতের কাউচার পয়েন্টে তিমিটি ভেসে আসে। খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা ঘটনাস্থলে যায়। 

উপরার যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, অর্ধগলিত তিমিটি এক সপ্তাহ আগে মারা গেছে। এর আগে এ বছর ৫৮ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি সৈকতে ভেসে আসে। সৈকতে ভেসে আসা তিমি ও ডলফিনের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানান তিনি।

উপরার আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, স্থানীয় ট্যুর গাইড তরিকুল ইসলাম সকালে তিমিটি দেখতে পেয়ে তাদের খবর দেন। পরে বন বিভাগকে বিষয়টি জানানো হয়। মৃত তিমিটির দৈর্ঘ্য প্রায় ৫৬ ফুট এবং প্রস্থ ১৬ ফুট। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উপকূল ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, এর আগে ২০১৮ সাল, ২০২২ সাল এবং চলতি বছরের ৩ জুন কুয়াকাটা সৈকতে মৃত তিমি ভেসে আসে। অল্প সময়ের ব্যবধানে আবারও এমন ঘটনা ঘটায় এর প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানান তিনি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মৃত তিমিটি মাটিচাপা দেওয়া হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে এটির নমুনা সংগ্রহ করা হয়েছে।