ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন, খুনিদের শনাক্ত এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে রোববার দুপুরে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাজিদের পরিবারের সদস্যরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের এক বছর পার হলেও মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি এবং কাউকে গ্রেফতারও করা হয়নি। তারা এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তদন্ত সংশ্লিষ্ট সংস্থার গাফিলতির অভিযোগ তুলে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
একই সঙ্গে সাজিদের নামে বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণ এবং তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ বলেন, এক বছর পেরিয়ে গেলেও বিচার না হওয়া অত্যন্ত হতাশাজনক। ছেলেকে আর ফিরে পাওয়া যাবে না, তবে অন্তত ন্যায়বিচার নিশ্চিত হওয়া উচিত। ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যেন এ ধরনের নির্মম হত্যার শিকার না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিচার আদায়ে শিক্ষার্থীদের সোচ্চার থাকারও আহ্বান জানান।








