শনিবার রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে কার্যত তলিয়ে গেছে রাজধানীর মাটিকাটা এলাকা। রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায়ও এলাকার অলিগলিতে জলাবদ্ধতা দেখা যায়। এতে ক্ষোভ জানিয়েছেন ভোগান্তিতে পড়া এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, পুরো মাটিকাটা বাজারের কোথাও পায়ের পাতা পর্যন্ত, আবার কোথাও কোমরসমান পানি। পানি কমাতে ড্রেনের ঢাকনা তুলে দিয়েছেন এলাকাবাসী।
জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন এই এলাকার মানুষ। বাজার পার হতে ও অলি গলির বাসায় পৌঁছাতে রিকশা নিতে হচ্ছে তাদের। বাজার পার করতেই রিকশাচালকরা ৫০-৮০ টাকা ভাড়া দাবি করছেন।
বাজারের কোথাও পায়ের পাতা পর্যন্ত, আবার কোথাও কোমরসমান পানি দেখা যায়/ছবি: জাগো নিউজ
চেকপোস্ট এলাকা থেকে মাটিকাটা বাজারে মানুষ পারাপার করাচ্ছিলেন রিকশাচালক কামরুল। তিনি বলেন, ‘আজ দূরে কোনো ক্ষেপ মারি নাই। সকাল ৬টা থেকে এখন পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) পর্যন্ত বাজার পার করাচ্ছি। অন্য কোনো যাত্রী বা দূরের যাত্রী তুলছি না।’
আরও পড়ুন
ঢাকায় ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টি, মৌসুমের রেকর্ড
মাটিকাটা বাজারে কথা হয়ে মুদি দোকানি রুবেলের সঙ্গে। তিনি বলেন, ‘এত পানি আগে দেখিনি। সকাল থেকে পানি নামার কোনো নাম নেই। সিটি করপোরেশনের কোনো তৎপরতা চোখে পড়েনি।’
মাটিকাটা-ইসিবি সংযোগ সড়কে ড্রেন নির্মাণের কাজ চলমান থাকায় ভোগান্তি আরও দীর্ঘ হয়েছে বলেও অভিযোগ করেছেন এই এলাকার মানুষ।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায়ও এলাকার অলিগলিতে জলাবদ্ধতা দেখা যায়/ছবি: জাগো নিউজ
এদিকে রাজধানীতে ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা চলতি মৌসুমে ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। সক্রিয় মৌসুমি বায়ু এবং পশ্চিমা লঘুচাপের সম্মিলিত প্রভাবে অল্প সময়ের মধ্যে এ ভারী বর্ষণ হয়েছে।
আরও পড়ুন
সড়কে জলাবদ্ধতা, বিকল হওয়া এড়াতে ফ্লাইওভারে ব্যাটারিচালিত রিকশা
সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার ১১ জুলাই সন্ধ্যা ৬টা থেকে আজ (রোববার) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ পুরো জুলাই মাসে ঢাকায় গড়ে প্রায় ৩৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা।
আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, এপ্রিল-মে মাসে সাধারণত বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়। এসময় একই এলাকায় কোথাও বৃষ্টিহীন এ রকম পরিস্থিতি থাকে। কিন্তু জুন-জুলাই মাসে ঢাকার প্রায় সব এলাকাতেই বৃষ্টি হয়।
এসএম/ইএ








