টাঙ্গাইলের সখীপুরে লাভলী বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার কালমেঘা দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লাভলী বেগম ওই গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী। ‌

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে ঘরের তীরের সঙ্গে লাভলী বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনেরা পুলিশকে খবর দেন। পরে সখীপুর থানা-পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, ‘সকালে গৃহবধূ লাভলী ও তাঁর স্বামীর বাগ্‌বিতণ্ডা হয়। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্যে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন কি-না এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে মরদেহটি ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’