গাইবান্ধার সুন্দরগঞ্জে জমির বিরোধ মেটাতে আয়োজিত সালিশ বৈঠকে প্রতিপক্ষের কিল-ঘুষিতে মো. আবদুর রাজ্জাক মিয়া (৪৫) নামে জাতীয় পার্টির (জাপা) এক নেতার মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক ওই গ্রামের মৃত খায়রুজ্জামানের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাচিয়া মীরগঞ্জ গ্রামের মো. আমজাদ হোসেনের সঙ্গে প্রতিবেশী মো. গোলজার হোসেনের ২২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ মেটাতে গত রোববার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শুরুর আগেই গোলজার হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা প্রতিপক্ষ আমজাদ হোসেনকে গালিগালাজ করতে থাকেন।এ সময় প্রতিবেশী আবদুর রাজ্জাক মিয়া গালিগালাজের প্রতিবাদ জানান এবং তাদের শান্ত হওয়ার অনুরোধ করেন। এতে গোলজার হোসেনের লোকজন ক্ষিপ্ত হয়ে আবদুর রাজ্জাকের ওপর চড়াও হন। তারা রাজ্জাককে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারলে তিনি গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সুন্দরগঞ্জ থানা-পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অভিযোগে দুই নারীসহ একই পরিবারের পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. গোলজার হোসেন (৬৫), তার স্ত্রী মনজুয়ারা বেগম (৫৮), তাদের দুই ছেলে মো. লিটন মিয়া (২৮) ও মো. রিপন মিয়া (২৩) এবং মেয়ে রত্না বেগম (৩২)। গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আতোয়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে। মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রাজনীতি
সালিশে বিবাদ থামাতে গিয়ে জাপা নেতা নিহত, গ্রেপ্তার ৫

শেয়ার করুন







