সহকর্মীর শোকে সমবেদনা জানাতে রান্না করা খাবার নিয়ে স্ত্রী-সন্তানের সঙ্গে তার বাড়ি যাচ্ছিলেন রাকিব হাসান। পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ প্রাণ হারিয়েছেন তিনি।
শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় ময়মনসিংহগামী লেনে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হাসান (৪২) পিরোজপুর সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুরে ডেনিম্যাক্স গার্মেন্টসে এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগে কর্মরত ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান রাকিবের স্ত্রী বিথী। আহত রাকিবকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে এই দম্পতির নয়মাস বয়সী একমাত্র শিশুসন্তান নূরকে গুরুতর আহত অবস্থায় ঢাকার শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
ডেনিম্যাক্স গার্মেন্টসের এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগের কর্মকর্তা হাজ্জাজ জানান, কয়েক দিন আগে সহকর্মী সুলতানের মা মারা যাওয়ায় তাকে সমবেদনা জানাতে শনিবার দুপুরে তার বাড়িতে যাচ্ছিলেন রাকিব। স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে মহাসড়ক পার হতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক জুয়েল বর্মন ঘটনার বর্ণনা দিয়ে জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে। যানটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।








