কবি সুফিয়া কামালের ছেলে, সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল আর নেই। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি রাজধানীর জেড এইচ শিকদার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার ছোট বোন মানবাধিকারকর্মী সুলতানা কামাল মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় তার লাইফ সাপোর্ট খুলে দিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুলতানা কামাল জানান, তিনি এই মুহূর্তে লন্ডনে রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত সমস্যাসহ নিউমোনিয়া এবং ডায়রিয়া নিয়ে শনিবার সকালে শাহেদ কামালকে রাজধানীর শিকদার মেডিকেল কলেজে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আত্মীয় ও বন্ধুদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য ধানমন্ডি ৩২ নম্বরে তাদের আবাসস্থল ‘সাঁঝের মায়ায়’ মরদেহ রাখা হবে। আজ বাদ জোহর ধানমন্ডির তাক্ওয়া মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মা সুফিয়া কামালের কবরেই শেষ শয্যায় শায়িত করা হবে। কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ১৯৭৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারি বার্তা সংস্থা বিএসএস-এ বার্তা সম্পাদক হিসাবে কাজ করেছেন। পরে বাসসের এমডি পদে কাজ করেন।