দেশের নাট্যাঙ্গনের মায়ের চরিত্রে অভিনয় করা শিল্পীদের মধ্যে অন্যতম অভিনেত্রী শম্পা নিজাম। সম্প্রতি তিনি এ প্রজন্মের দর্শকপ্রিয় দুই অভিনেত্রী ফারজানা আহসান মিহি ও মুনমুন আহমেদ মুনের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘বাপের বাড়ি শ্বশুর বাড়ি’। নাটকটি নির্মাণ করেছেন আরিফুর রহমান রাহুল। নাটকটি গত ২৭ জুন ‘জামিল’স জু নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। এতে অভিনয় করা প্রসঙ্গে শম্পা নিজাম বলেন, ‘এর আগেও অনেক নাটকে অভিনয় করে বেশ সাড়া পেয়েছি। তবে এ নাটকে অভিনয় করে যেন আরও বেশি সাড়া পাচ্ছি। এর কয়েকটি কারণ আছে। নাটকটির গল্প খুবই সুন্দর। এতে আমার দুই মেয়ের চরিত্রে মিহি ও মুন দারুণ অভিনয় করেছে। এ ছাড়া এ সময়ের দুই জনপ্রিয় অভিনেতা জামিল ও তন্ময় থাকাতে নাটকটি যেন এক অন্যরকম প্রাণ পেয়েছে। সবমিলিয়ে দর্শকের মধ্যে নাটকটি বেশ সাড়া ফেলেছে।’ মুনমুন বলেন, ‘নাটকটি প্রচারের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। এর মূল কারণ গল্প। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমাদের নাটকগুলো প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করেন।’