লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনাটি রাজনৈতিক বা ধর্মীয় বিষয় নয়। এটাকে পুঁজি বানিয়ে ধাঙ্গা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা যাবে না বলে সবাইকে সতর্কবার্তা দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

শনিবার (২৭ জুন) দুপুরে রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খায়ের ভূঁইয়া বলেছেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে যা হবে আমরা তা মেনে নিব। এর সঙ্গে যদি অন্য কেউ জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এটি কোন রাজনৈতিক বা হিন্দু মুসলমানের বিষয় নয়। এটাকে পুঁজি করে কোনো ধরণের ধাঙ্গা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা যাবে না। ফ্যাসিস্ট আমলের দোসর একটি মিডিয়া এটাকে কৌশল করে ভুল তথ্য প্রচার করে বিতর্ক সৃষ্টি করতে চায়। আমি সাবধান করে দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কেউ যদি চেষ্টা করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে আমরা সকল সাংবাদিকদের চিনি। কিন্তু কোনো উস্কানিমূলক মিথ্যা তথ্য সরবরাহ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সেদিকে সকলকে সজাগ ও সতর্ক থাকার জন্য এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।‘

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন সহ অনেকেই।

কাজল কায়েস/এফএ/এমএস