বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মোহাম্মদ নূর প্রকাশ সায়েম চৌধুরী নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০টায় কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়া এলাকার রেজু খাল ব্রিজসংলগ্ন প্যারাবন থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ইউএনও পান্না আক্তার। তিনি জানান, স্থানীয় ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে লাশ রামু থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সায়েম চৌধুরী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাসিন্দা মো. ইকবালের ছেলে। বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসা থেকে আগামী মাসে তার আলিম পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। পড়াশোনার পাশাপাশি চট্টগ্রামে একটি ওষুধের ফার্মেসিও পরিচালনা করতেন।

সায়েমের বন্ধু মো. আরমান জানান, ২০২২ সালে তাদের পরিচয় হয়। শুক্রবার ভোরে ১০ বন্ধু মোটরসাইকেলে বান্দরবান ভ্রমণে গেলেও পরে দুজন কক্সবাজারে যাই। সেখান থেকে শনিবার দুপুরে উখিয়ায় মেরিন ড্রাইভের পালংকী রেস্তোরাঁসংলগ্ন সৈকতে গোসল করতে নামলে হঠাৎ বড় ঢেউয়ের আঘাতে সায়েম গভীর সাগরে তলিয়ে যায়। এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে সায়েমের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। তার মা শিরিন আক্তার ছেলের মৃত্যু মেনে নিতে না পেরে বার বার অসুস্থ হয়ে পড়ছেন।