চট্টগ্রামের উপকূলীয় দ্বীপ উপজেলা সন্দ্বীপে টর্নেডোর আঘাতে ২০-২৫টি বসতঘর ও কয়েকটি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া গ্রামে টর্নেডোটি আঘাত হানে।

মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, টর্নেডোর আঘাতে একটি দোকানের চালা, বেড়া ও মালামাল উড়ে গেছে। বেশ কয়েকটি বসতঘরের চালা উড়ে গিয়ে ২০-২৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু ঘরে বৃষ্টির পানিও ঢুকে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টর্নেডোর আঘাতে নিজের একটি ইটভাটাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান কাউসার আহমেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, টর্নেডোর তীব্র বাতাসে ঘরবাড়ির চালা ও বিভিন্ন স্থাপনা উড়ে যাচ্ছে। এসময় আশপাশের নারী ও শিশুদের আতঙ্কে চিৎকার করতে শোনা যায়।
এ বিষয়ে জানতে বিকেলে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আমজাদ হোসেনের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এম মাঈন উদ্দিন/এসআর/জেআইএম








