মানিকগঞ্জের সিংগাইরে পেঁপে খেত থেকে সামশুল (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সামশুল উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আমজাদ হোসেনের ছেলে। আজ শুক্রবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাঁটতে বাড়ি থেকে বের হন সামশুল। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা সিদ্দিক মিয়ার পেঁপে খেতে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। সামশুলের এর আগে দুইবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল বলেও জানা গেছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’








