নাগরপুরে ছাত্রদলের পুনর্মিলনী :টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে নির্বাচিত সংসদ-সদস্য রবিউল আওয়াল লাভলুকে সংবর্ধনা, বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ-সদস্য রবিউল আওয়াল লাভলু। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল, উপজেলা বিএনপির সম্পাদক হাবিবুর রহমান হবি। এতে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ। বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। এতে বক্তব্য দেন-সাবেক ছাত্র নেতাদের মধ্যে ভিপি শরিফ উদ্দিন আরজু, ভিপি আহম্মদ আলী রানা। যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
গলাচিপা প্রেস ক্লাবে সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব : গলাচিপা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাজ্জাদ আহমেদ মাসুদ (বাংলাদেশ প্রতিদিন) ও সদস্য সচিব হাসান মাহবুব (সংবাদ)। এছাড়া অন্য সদস্যরা হলেন-মাসুদুর রহমান, রাকিবুল হাসান রুসেল, সঞ্জীব কুমার সাহা। বৃহস্পতিবার রাত ৮টায় গলাচিপা গার্লস স্কুল রোডস্থ প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
কালকিনিতে জাতীয়তাবাদী সমাজসেবা দলের আত্মপ্রকাশ : জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে কালকিনি উপজেলা সমাজসেবা দলের আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষ্যে শুক্রবার কালকিনি ব্রিজ থেকে সাহেবরামপুর সড়কের সব ভাঙাস্থানগুলো জনসাধারণের সুবিধার্থে মেরামত করা হয় কালকিনি উপজেলা সমাজসেবা দলের উদ্যোগে। এতে অংশগ্রহণ করে জাতীয়তাবাদী সমাজসেবা দলের কালকিনি উপজেলা শাখার সভাপতি সাইফুল মুন্সি, সাধারণ সম্পাদক বাইজিদ সরদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল হাওলাদার, বিপ্লব বেপারী প্রমুখ। কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
গৌরীপুরে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব : গৌরীপুরে শুক্রবার ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে এ মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়। আলোচনায় মৌসুমি ফল খাওয়ার গুরুত্ব ও ফলের উপকারিতা তুলে ধরেন প্রধান অতিথি ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম হামিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সালেহীন কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রশিবির জেলা শাখার দাওয়া ও উপজেলা তত্ত্বাবধায়ক রাশেদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন-জেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক, উপজেলা জামায়াতের আমির বদরুজ্জামান প্রমুখ। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি








