চট্টগ্রামের সাতকানিয়া অংশে সাঙ্গু নদ থেকে পড়ে যুবদলের এক কর্মী নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বেলা তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ যুবদল কর্মীর নাম আবদুল আলম (৩২)। তিনি কালিয়াইশ ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের হাছনি বরবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর দুই সন্তান রয়েছে। গতকাল বুধবার ভোরে তিনি নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে নৌকা নিয়ে নদীতে গিয়েছিলেন। স্থানীয় কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জসীম উদ্দিন প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ যুবদল কর্মীর বড় ভাই নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘আবদুল আলমসহ চার বন্ধু ভোরে নৌকা নিয়ে সাঙ্গু নদে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। সকাল আটটার দিকে তাঁর দুই বন্ধু এসে জানান, কাঠ সংগ্রহ করতে গিয়ে অসাবধানবশত তিনি নদের পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। এরপর নৌকায় থাকা অন্য তিনজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।’

সাতকানিয়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, সাঙ্গু নদের পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে গ্রামীণ সড়কসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। জানতে চাইলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান দুপুর প্রথম আলোকে বলেন, যুবদল কর্মী নিখোঁজের ঘটনা তাঁকে কেউ জানাননি। তাঁরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।