বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ইরানকে নতুন ‘আলটিমেটাম’ যুক্তরাষ্ট্রের, ওমান বৈঠক ঘিরে উত্তেজনা বাড়ছে

হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করার ঘোষণা দিতে নতুন আল্টিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজে হামলা পুরোপুরি বন্ধে শনিবার (১১ জুলাই) পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ইরানকে প্রকাশ্যে এ ঘোষণা দেওয়ার দাবি জানানো হয়েছে। এর ব্যত্যয় ঘটলে তার ফল ভালো হবে না বলে সতর্ক করেছেন মার্কিন কর্মকর্তারা। অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ভারতের মাটিতে ‘আয়রন ডোম’ ইন্টারসেপ্টর বানাবে ইসরায়েল

প্রতিরক্ষা ও সামরিক অংশীদারিত্বে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ভারত-ইসরায়েল। এর মাধ্যমে ভারতের মাটিতে অত্যাধুনিক আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টামির (Tamir) ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের একটি উৎপাদন লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন করবে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।

তেল রপ্তানিতে হরমুজের বিকল্প পথ গড়ছে সিরিয়া-ইরাক ও যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির ওপর নির্ভরশীলতা কমাতে এবং জ্বালানি রপ্তানিতে বিকল্প পথ গড়তে ভিন্ন এক সিদ্ধান্ত নিয়েছে ইরাক, সিরিয়া ও যুক্তরাষ্ট্র। হরমুজের বিকল্প হিসেবে ঐতিহাসিক ‘কিরকুক-বানিয়াস পাইপলাইন’ পুনরায় চালুর পরিকল্পনা করছে দেশগুলো। শনিবার (১১ জুলাই) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই (MEE)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ১৫

ভিয়েতনামে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার (১১ জুলাই) ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য স্টেটসম্যান।

ইরানের পরমাণু ইস্যু: বাকযুদ্ধে উত্তপ্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ!

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শুক্রবার (১০ জুলাই) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। মতভেদের মূল বিষয় হচ্ছে- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) ইরানের পরমাণু কর্মসূচির ওপর কার্যকর নজরদারির সক্ষমতা হারিয়েছে বলে অধিকাংশ সদস্য দেশ সতর্ক করেছে। এর ফলে পরমাণু বিস্তার রোধে গুরুতর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার অনুরোধ করেনি ইরান

সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের পরেও চলমান যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করার খবর নাকচ করেছে ইরান। তবে, যুদ্ধবিরতির বর্তমান অবস্থা নিয়ে আলোচনার জন্য শুক্রবার (১০ জুলাই) কাতারের একজন মধ্যস্থতাকারী মাশহাদ সফর করেছেন বলে নিশ্চিত করেছে ইসলামি প্রজাতন্ত্র।

ধর্ষণ-হত্যা মামলায় অভিযুক্তের এনকাউন্টার, পশ্চিমবঙ্গে মিষ্টি বিতরণ

পশ্চিমবঙ্গের বারুইপুরে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারের ঘটনাকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ করেছেন উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বিবেকানন্দ নগরের বাসিন্দাদের একাংশ।

কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদ সরানোর দাবি বিজেপি বিধায়কের

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা ১৩৬ বছরের পুরোনো বাঁখড়া মসজিদ সরানোর দাবি তুলেছেন উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার।

খাসির মাংসের বদলে মুরগি পরিবেশন, বিয়ের আসরে তুমুল মারামারি

একটি বিয়ের অনুষ্ঠানে খাসির বদলে মুরগি পরিবেশনকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। ভারতের বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুরে এমন ঘটনা ঘটেছে।

ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াল রূপ, ৬০০ মানুষের মৃত্যু

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলায় অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে এই রোগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭৫৯ জন।

গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

চুরির অভিযোগে নিজেদের দুই কর্মী ও চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে টেক জায়ান্ট অ্যাপল। যখন ওপেনএআই চ্যাটজিপিটির জন্য একটি নিজস্ব হার্ডওয়্যার তৈরির চেষ্টা করছে তখন অ্যাপলের এমন পদক্ষেপকে এই দুই কোম্পানির অংশীদারত্বে বড় ফাটল হিসেবে দেখা হচ্ছে।

লাল কেল্লায় বোমা হামলার হুমকি

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় বোমা হামলার হুমকির পর নিরাপত্তা জোরদার করা হয়। তবে পুরো এলাকা তল্লাশি শেষে পুলিশ জানায়, এটি ছিল ভুয়া হুমকি।

কেএম