বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা চার বছরের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুথিদের অভিযোগ, সোমবার তাদের নিয়ন্ত্রিত সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি-সমর্থিত বাহিনী বিমান হামলা চালিয়েছে। এর জবাব হিসেবেই তারা এই হামলা চালায়।

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি: বাহরাইনে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাহরাইনের একটি আদালত।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন তিনি।

ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ১৪ নারীকে ধর্ষণ

ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচিত হওয়ার পর অন্তত ১৪ নারীকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে ৬৮ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে প্রসিকিউটররা। ঘটনাটি জার্মানির রাজধানী বার্লিনের।

শাহরুখ খানের ‘মান্নাত’ সংস্কার নিয়ে চ্যালেঞ্জ, আবেদন খারিজ

বলিউড অভিনেতা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রসংলগ্ন বাংলো ‘মান্নাত’-এর সংস্কারকাজের অনুমোদন চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ, ফের জ্বালানি তেলের বাজারে অস্থিরতা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৃতীয় দিনে গড়ানোর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে স্বাভাবিক বাণিজ্যিক নৌ চলাচল ফিরবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ায় তেলের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

অং সান সু চি কি মারা গেছেন?

মিয়ানমারের সামরিক জান্তা সরকারের হাতে বন্দি দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির কোনো খোঁজ মিলছে না অনেকদিন ধরে। পাঁচ বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তার সরকারকে উৎখাত করা হয়। এরপর থেকেই কারাবন্দি তিনি। বর্তমানে ৮১ বছর বয়সী এই নেত্রী আদৌ বেঁচে রয়েছেন কি না, তা নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন—সু চি কি বেঁচে আছেন, নাকি মারা গেছেন?

সোনার দাম আরও ১৬ শতাংশ কমতে পারে, দাবি বিশ্লেষকদের

বিশ্ববাজারে ইতিহাসের সব রেকর্ড ভেঙে ফেলার পর হঠাৎ বড় ধরনের পতনের মুখে পড়েছে সোনার দাম। গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম ক্রমাগত কমছে। এর মধ্যেই বিশ্লেষকরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও ডলারের শক্তিশালী অবস্থানের কারণে সোনার দাম আরও ১৬ শতাংশ পর্যন্ত কমতে পারে।

এমএসএম