যৌন অপরাধের অভিযোগের জেরে চলতি বছরের মার্চে চাকরি হারানোর আগে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির সর্বোচ্চ বেতনভোগী উপস্থাপক ছিলেন রেডিও ডিজে স্কট মিলস। বিবিসির প্রকাশিত সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৫৩ বছর বয়সী স্কট মিলস গত অর্থবছরে প্রায় ৭ লাখ ৪৫ হাজার পাউন্ড পারিশ্রমিক পেয়েছেন। ওই সময় তিনি বিবিসি রেডিও ২-এর ব্রেকফাস্ট শো উপস্থাপনার পাশাপাশি অন্যান্য অনুষ্ঠানেও কাজ করেছেন।
মার্চ মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ১৯৯০-এর দশকের শেষ দিকে ১৬ বছরের কম বয়সী এক কিশোরকে ঘিরে ঐতিহাসিক যৌন অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০১৬ সালে এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করলেও স্কট মিলস দাবি করেন, তিনি তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছেন। পরে ২০১৯ সালে পর্যাপ্ত প্রমাণের অভাবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
বিবিসির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন গ্রেগ জেমস, স্টিফেন নোলান, লরা কুয়েন্সবার্গ, ভার্নন কে এবং অ্যালান শিয়ারার। তবে বিবিসি ছেড়ে যাওয়ায় সাবেক উপস্থাপক গ্যারি লিনেকারের পারিশ্রমিক এবার উল্লেখযোগ্যভাবে কমেছে।
তবে বিবিসির প্রকাশিত এই তালিকায় সব জনপ্রিয় উপস্থাপকের নাম নেই। কারণ ক্লডিয়া উইঙ্কলম্যান, মাইকেল ম্যাকইনটায়ার ও গ্রাহাম নর্টনের মতো অনেকেই সরাসরি বিবিসির নয়, বরং প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে পারিশ্রমিক পান।
স্কট মিলসের পারিশ্রমিক আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। আগের অর্থবছরে তিনি পেয়েছিলেন ৩ লাখ ৫৫ হাজার পাউন্ড। সে সময় তিনি রেডিও ২-এর বিকেলের অনুষ্ঠান এবং পরে ব্রেকফাস্ট শো উপস্থাপনা করেছিলেন।
এর আগে রেডিও ২-এর ব্রেকফাস্ট শোর উপস্থাপক জো বল প্রথম বছরে প্রায় ১৩ লাখ ৬০ হাজার পাউন্ড পারিশ্রমিক পেয়েছিলেন। তবে শেষ পূর্ণ বছরে তার আয় কমে দাঁড়ায় প্রায় ৯ লাখ ৫০ হাজার পাউন্ডে। তার পরিবর্তে স্কট মিলসকে নিয়োগ দেওয়ায় বিবিসির বছরে প্রায় ২ লাখ পাউন্ড সাশ্রয় হয়।
অন্যদিকে, দীর্ঘদিনের জনপ্রিয় উপস্থাপক গ্যারি লিনেকার গত বছর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নিয়ে বিতর্কের পর বিবিসি ছেড়ে যান। বর্তমানে তিনি আইটিভি ও নেটফ্লিক্সের সঙ্গে কাজ করছেন।
সূত্র: বিবিসি
এমএসএম








