চট্টগ্রামে ২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে দুই হাজার লিটার চোরাই ডিজেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো-আক্তার হোসেন ও ফয়সাল আলম। রোববার রাতে কর্ণফুলী থানার ডাঙ্গারচর নৌ তদন্তকেন্দ্রের সামনে নিয়মিত নৌ টহলের সময় এসব তেল জব্দ করা হয়। আটকরা জব্দ করা ডিজেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি বলে জানায় নৌপুলিশ। চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে পলাশ হত্যায় আসামির যাবজ্জীবন

চট্টগ্রামে দেড় দশক পর আলোচিত মো. পলাশ হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিতরা হলো-মাহমুদুল হাসান প্রকাশ সোহেল ও আইয়ুব আলী প্রকাশ বাবুল। সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাজউল ইসলাম এ রায় দেন। পূর্ব শত্রুতার জেরে আসামিরা পরিকল্পিতভাবে মো. পলাশকে ২০০৯ সালের ২৭ আগস্ট নগরের বাকলিয়া থানাধীন ডিসি রোড এলাকার জামাল বিল্ডিংয়ের চতুর্থতলায় নিয়ে হত্যা করে। চট্টগ্রাম ব্যুরো

তিতাসে বাড়ির উঠানে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

তিতাসে নিজ বাড়ির উঠানে কাজ করার সময় সাপের কামড়ে মাহমুদা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার রাতে নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামের খোয়াজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বিষক্রিয়ায় উঠানে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মাহমুদা ওই গ্রামের সৌদি প্রবাসী মোখলেছুর রহমানের স্ত্রী এবং দুই সন্তানের জননী। তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

লালপুরে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে কারাগারে

লালপুরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন মা। পরে অভিযানে মাদকসহ আলামিন নামে ওই যুবককে গ্রেফতার করে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার ওয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নেশার টাকা জোগাড় করতে গিয়ে সে প্রায়ই তার মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। লালপুর (নাটোর) প্রতিনিধি

পলাশবাড়ীতে নির্মাণাধীন সব মূর্তি অপসারণের দাবি

গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে এশিয়ায় বৃহৎ নির্মাণাধীন রামমূর্তিসহ বিতর্কিত সব মূর্তি অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। উলামা লি ইসলাহীল উম্মাহ কাউনিয়ার উদ্যোগে সোমবার দুপুরে কাউনিয়ার ইউএনও পাপিয়া সুলতানাকে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে বিতর্কিত সব মূর্তি অপসারণ ও তার অর্থায়নের উৎস, সম্ভাব্য সাম্প্রদায়িক উত্তেজনা, জাতীয় নিরাপত্তা ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

বাগমারায় ঘুসের টাকা ফেরতের দাবি

বাগমারার গোবিন্দপাড়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকাকে দেওয়া ঘুসের টাকা ফেরতের দাবিতে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গোবিন্দপাড়া ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের ভুক্তভোগী নজরুল ইসলাম সোমবার অভিযোগটি করেছেন। জানা গেছে, তিন বছর পূর্বে ওই শিক্ষক স্কুলে অফিস সহায়ক পদে নিয়োগের প্রলোভনে নজরুল থেকে ১২ লাখ টাকা ঘুস দাবি করেন। এর মধ্যে নগদ তিন লাখ টাকা গ্রহণ করেও নিয়োগ দেননি। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

পাঁচ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিল দাবি

শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর থেকে মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন আমানতকারীরা। সোমবার সাড়ে ১১টায় তারা নগরের বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন। আয়োজিত কর্মসূচিতে শতশত ভুক্তভোগী অংশ নেন। এ সময় আমানতকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় তারা হেয়ারকাট মানি না, মানব না, একদফা, এক দাবি, হেয়ারকাট বাতিল করবি এবং আমানত কী নিরাপদ? আপনার কষ্টের টাকা কার পকেটে? সরকার কেন চুপ?-এমন নানা স্লোগানে তাদের ক্ষোভ প্রকাশ করেন। চট্টগ্রাম ব্যুরো

নারী কেলেঙ্কারিতে সেই ডিজিএমকে বদলি

নিজ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিবাদের মুখে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সাইফুল আলমকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, স্বেচ্ছাচারিতা এবং গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অভিযোগ ছিল। বিষয়টি সোমবার বিকালে নিশ্চিত করেছেন জোনাল অফিসের এজিএম নাজির উল্ল্যা। জানা গেছে, পবিত্র ঈদুল আজহার কয়েকদিন পূর্বে নারী কেলেঙ্কারির অভিযোগে জনরোষের শিকার হন সাইফুল আলম। তার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাইরাল হয়। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি