ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে যাত্রী আহত
ব্রাহ্মণবাড়িয়ায় আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় মোহাম্মদ আজাদ (৩০) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। জানালার কাঁচ ভেদ করে ছোড়া পাথর তার মাথায় আঘাত করে। এতে তিনি ট্রেনের ভেতর লুটিয়ে পড়েন। রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছে জেলা শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসের ‘ঢ’ বগিতে ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মৌলভীবাজার কলেজে ছাত্রদলের তালা
মৌলভীবাজার সরকারি কলেজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সোমবার প্রশাসনিক ভবনের গেইটে তালা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, অধ্যক্ষ অধ্যাপক মনছুর আলমগীর সিন্ডিকেট করে ভুয়া
বিল ভাউচারের মাধ্যমে কলেজ ফান্ড থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করছেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে। উল্লেখ্য, সোমবার কলেজ ছাত্রদলের আহ্বায়ক
ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ এর নেতৃত্বে ২৫/৩০ জনের একটি
দল মিলাদ ও অরিয়েন্টেশনসহ বিভিন্ন ব্যয়ের হিসাব দেখতে চান। হিসাব না পাওয়ার পাশাপাশি অধ্যক্ষ তাদের সঙ্গে দেখা না করায় তারা গেট তালাবদ্ধ করে দেন। মৌলভীবাজার প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে হলুদে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে হলুদের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (২২) নামে এক সেন্টারিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার রাতে সদরের বামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর খিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ মোহাম্মদপুর গ্রামের নসুর বাড়ির বাসিন্দা। জানা যায়, রোববার রাতে মোহাম্মদপুর খিয়াপাড়া এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে নাচ-গানের একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে তিনি মারা যান। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি








