ঈশ্বরদীতে ট্রেনের ছাদে কিশোরের লাশ
ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ঢাকা-রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের ছাদ থেকে মঙ্গলবার দুপুরে এক কিশোরের লাশ উদ্ধার করেছে রেল পুলিশ। নিহত কিশোর নিরব বগুড়ার ধুনটের কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে। ঈশ্বরদী পৌঁছলে ট্রেনের ছাদে লাশ দেখতে পান যাত্রীরা। ট্রেনটি বড়াল ব্রিজ অতিক্রমের সময় সেতুর রেলিংয়ে তার মাথায় সজোরে আঘাত লাগে। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
মতলবে শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক
মতলব দক্ষিণের নারায়ণপুর পৌরসভার কালিকাপুর এলাকায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোমবার দুপুরে রাফি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রাফি সোমবার দুপুরে ওই শিশুকে রাস্তার পাশে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনা ওই এলাকার একজন দেখে চিৎকার দিলে এলাকা থেকে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। মতলব (চাঁদপুর) প্রতিনিধি
মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিল সহযোগীরা
মাদারীপুর গোয়েন্দা পুলিশের অভিযানে আটক এক মাদক ব্যবসায়ীকে সোমবার রাতে সদরের লক্ষ্মীগঞ্জ এলাকায় ককটেল বিস্ফোরণ করে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ওই এলাকার একাধিক মামলার আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী পারভেজ বেপারীকে আটক করে ডিবি। এ সময় তার সহযোগীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুর পৌরসভায় ৮৬ কোটি টাকার বাজেট
নতুন করারোপ ছাড়াই মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি ৩০ লাখ টাকা। তিন কোটি ৬০ লাখ ৮২ হাজার টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি
দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব পুনর্বহালের দাবি
রাঙামাটির এমপি দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব পুনর্বহালের দাবি জানিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ। বক্তারা বলেন, ১ জুন সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেও তা ছিল ষড়যন্ত্রমূলক। তিন পার্বত্য জেলার উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে দীপেন দেওয়ানের বিকল্প কেউ নেই। রাঙামাটি প্রতিনিধি
ভরণপোষণ না দেওয়ায় বৃদ্ধা মায়ের আত্মহত্যা
মহাদেবপুরে সন্তানরা ভরণপোষণ না দেওয়ায় রাগে-অভিমানে জাহানারা বেগম নামের এক বৃদ্ধা মা আত্মহত্যা করেছেন। জাহানারা বেগম উপজেলার এনায়েতপুর ইউপির কালুশহর মোল্লাপাড়ার মৃত আবুল হোসেনের স্ত্রী। সোমবার দুপুরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তিন ছেলে ও এক মেয়ে থাকলেও কেউ তার ভরণপোষণের দায়িত্ব নেয়নি। মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
উখিয়ায় কোটি টাকার মাদকসহ নারী আটক
উখিয়ায় ড্রামভর্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে মঙ্গলবার দুপুরে আটক করেছে র্যাব। যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকারও বেশি বলে জানা যায়। আটক শাকিলা শারমিন রেশমীর বাড়ি উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায়। ওই কারবারি পালানোর চেষ্টাকালে র্যাবের জালে আটক হয়। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালে জরিমানা
মেঘনার মানিকারচর বাজারের নিউ আল-শেফা জেনারেল হাসপাতালে বিভিন্ন অনিয়মের দায়ে মঙ্গলবার সকালে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হাসপাতালটির অপারেশন থিয়েটার ও আল্ট্রাসনোগ্রাম কক্ষ সিলগালা করা হয়েছে। হাসপাতালটির লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া সেখানে কোনো মেডিকেল অফিসার কর্মরত ছিলেন না। কুমিল্লা উত্তর প্রতিনিধি
রামগঞ্জে যুবলীগ নেতা কামরুল গ্রেফতার
রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কামরুল হাসানকে সোমবার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তিনি রামগঞ্জ সরকারি কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যা, চাঁদাবাজিসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে। রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি








