আ.লীগের আইনজীবী নেতার অফিসে বোমা

জামালপুর আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক ও দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান মনির অফিসে মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে দুটি পাইপগান, চারটি গুলি ও ছয়টি ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে পুলিশ। অফিসের তালা ভেঙে এসব অস্ত্র, বোমা ও মাদক উদ্ধার করা হয়। জামালপুর প্রতিনিধি

গৌরনদীতে গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেফতার

গৌরনদীতে শোভা আক্তার (২৭) নামে এক গৃবধূর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধারের ঘটনায় স্বামী মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার সকালে মোশারফকে আসামি করে থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করা হয়। গ্রেফতার মোশারফের বাড়ি যশোর সদরের ইসলামপুর এলাকায়। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যায় মোশারফ। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

মাধবপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

মাধবপুরের মৌজপুর গ্রামে পূর্ববিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন পুকুরের মালিক। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। রফিকুল হোসাইন জানান, প্রতিবেশী কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

ধোবাউড়ায় টিকটকে মদ পানের প্ররোচনা, নারী আটক

ধোবাউড়ায় টিকটক করে মদ বিক্রির প্ররোচনার অভিযোগে মঙ্গলবার সকালে ঘোষগাঁও চন্দ্রঘোনা এলাকার এক টিকটকার নারীকে আটক করা হয়েছে। আটক নার্গিস আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টিকটক ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এসো প্রেম ভালোবাসা বাদ দিয়ে ভাই চলো মদ খাই। ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ভাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

ভাঙ্গায় মঙ্গলবার সকালে পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফাতেমা বেগম (২০) নামে এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের বাড়ি উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা গ্রামে। তিনি কাপুড়িয়া সদরদী গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন। মঙ্গলবার সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয় ওই নারী। ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ধামরাইয়ে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনে জরিমানা

ধামরাইয়ের হুজুরীটোলা এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে সোমবার সৌদিয়া ফুড নামে একটি বেকারি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযানকালে বেকারির ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, স্যাঁতসেঁতে মেঝে এবং অনিরাপদ উপায়ে খাদ্যদ্রব্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। ধামরাই (ঢাকা) প্রতিনিধি

চুনারুঘাটে বেশি দামে গ্যাস বিক্রিতে জরিমানা

চুনারুঘাটে মঙ্গলবার সন্ধ্যায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে পৌর শহরের মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্সে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এ অভিযানে পরিচালনা করেন। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।

পিস ফলের প্রলোভনে শিশুকে যৌন নির্যাতন

ঘিওরে পিস ফলের প্রলোভন দেখিয়ে ৪ বছর বয়সি এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে আব্দুল গনি নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিবারকে জানান, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগী শিশুটির পরিবার বাদী হয়ে ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ করেন। ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত আব্দুল গনি ঘিওরের বানিয়াজুরীর উত্তর তরার মৃত গেতা মিয়ার ছেলে। ২৬ জুন ঘিওরের উত্তর তরায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর মা জানান, তিনি ছোট মেয়েকে বিদ্যালয়ের বারান্দায় রেখে বড় মেয়ের সঙ্গে কথা বলতে শ্রেণিকক্ষে যান। কক্ষ থেকে বের হয়ে তিনি ছোট মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বড় মেয়ে দেখতে পায়, অভিযুক্ত আব্দুল গনির কোলে বসে আছে তার ছোট বোন এবং হাতে একটি পিস ফল। মানিকগঞ্জ প্রতিনিধি