প্রধান শিক্ষককে পেটানোয় নারী গ্রেফতার

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পেটানোর ঘটনায় মিতালী খাতুন নামে এক নারীকে বৃহস্পতিবার সকালে শহরের ফার্মপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মিতালী ওই পাড়ার সামসউর রহমানের স্ত্রী। বুধবার দুপুরে ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষক কাবেরী করিমকে মারধর করে সামসউর ও তার স্ত্রী মিতালী। চুয়াডাঙ্গা প্রতিনিধি

নেশার টাকা না পেয়ে কুরআনে আগুন, যুবক গ্রেফতার

পাংশায় মায়ের কাছে নেশার টাকা না পেয়ে বুধবার সকালে বাহাদুরপুর ইউনিয়নের সেনপাড়ার দুয়ালিপাড়া গ্রামে ঘরে থাকা পবিত্র কুরআন শরীফসহ জমিজমার গুরুত্বপূর্ণ দলিল আগুনে পোড়ানোর অভিযোগ উঠেছে আবু হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তার বাবা বুধবার দুপুরে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। রাজবাড়ী প্রতিনিধি

পরকীয়া মামলায় পিআইও অফিস সহকারী কারাগারে

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার মামলায় দাগনভূঞা পিআইও অফিসের অফিস সহকারী আব্দুল লতিফকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। চৌদ্দগ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে দুবছর ধরে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল লতিফ। প্রবাসীর স্ত্রীকে বিভিন্নভাবে ব্লাকমেইল করে তার কাছ থেকে অর্থ ও স্বর্ণ আত্মসাৎ করে নেয়। দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

রায়পুরে স্ত্রীকে নির্যাতনে শিক্ষক কারাগারে

রায়পুরে স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে শিক্ষক স্বামীকে বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হারুন অর রশীদের বাড়ি চরমোহনা ইউপির দক্ষিণ রায়পুর গ্রামে ও এলএম পাইলট উচ্চবিদ্যালয়ের গণিত শিক্ষক। স্ত্রী ফাতেমাতুল জান্নাত বলেন, বিয়ের পর থেকে নিজের উপার্জিত সব অর্থ এবং যৌতুক বাবদ দুই লাখ টাকা হারুনের হাতে তুলে দিয়েছি। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ব্রাহ্মণপাড়ায় শিশুকে ধর্ষণচেষ্টায় যুবক আটক

ব্রাহ্মণপাড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বুধবার বিকালে মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে স্থানীয়রা দ্বীন ইসলাম নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। দ্বীন ইসলামের বাড়ি উপজেলার কোরবানপুর ইউনিয়নের খোশঘর গ্রামে। দ্বীন ইসলাম ওই শিশুকে ফুসলিয়ে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

বদলগাছীতে ছুরিকাঘাতে নারী আহত

বদলগাছীতে বুধবার রাতে কোলা ইউনিয়নের পারআধাইপুর গ্রামে রেবা বেগম নামে এক নারীকে গলা ও পেটে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আহত রেবা বেগম ধামইরহাটের ঘোরকিন গ্রামের মৃত তারা উদ্দিনের মেয়ে। বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

বগুড়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে

আসা রোগীদের দালালের মাধ্যমে ক্লিনিকে নিয়ে যাওয়া এবং অপ্রয়োজনীয় পরীক্ষা করানোর অপরাধে একজনের কারাদণ্ড ও অপরজনকে জরিমানা করা হয়েছে। রওশন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকের মালিক গোলাম রসুলকে ছয় মাসের কারাদণ্ড ও কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বগুড়া ব্যুরো

ছাত্রীকে অপহরণের অভিযোগ যুবকের বিরুদ্ধে

বাঘায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে আবির হোসেন নামে যুবকের বিরুদ্ধে। সোমবার দুপুরে উপজেলার কিশোরপুর স্কুল এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর চাচা থানায় লিখিত অভিযোগ করেন। সোমবার দুপুরে স্কুল ছুটির পর ওই ছাত্রী বাড়ি ফিরছিল। কিশোরপুর গ্রামের আবির তার পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। বাঘা (রাজশাহী) প্রতিনিধি

শাহজাদপুরে ২৫ দাবি বাস্তবায়নে মানববন্ধন

শাহজাদপুরে ২৫ দফা বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। শাহজাদপুর উন্নয়ন পরিকল্পনা কমিটির উদ্যোগে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা শাহজাদপুরে রেললাইন স্থাপন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, মুক্ত মঞ্চ, পাবলিক লাইব্রেরি, স্টেডিয়াম, শিশুপার্কসহ ২৫টি দাবি তুলে ধরেন। শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি