ডাকঘর কর্মচারীদের বেতন ৪ হাজার!
জামালপুরে বেতন বৃদ্ধিসহ দুই দাবিতে বৃহস্পতিবার ডাকঘর কর্মচারীদের ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে এ ধর্মঘট হয়েছে। তাদের অন্য দাবি হলো বিভাগীয় কর্মচারী হিসাবে অন্তর্ভুক্ত হওয়া। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসলেও মাত্র ৪ হাজার ৪শ টাকা বেতনে চাকরি করছেন তারা। এতে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। জামালপুর প্রতিনিধি
হাজতে মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি আসামি
আগৈলঝাড়ায় হাজতে মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে চুরি মামলার আসামি রিয়াজ ফকির। পুলিশ জানায়, একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে বুধবার রাতে আগৈলঝাড়া ফিলিং স্টেশনের সামনে থেকে গ্রেফতার করা হয়। তাকে হাজতখানায় রাখা হলে নিজের মাথায় আঘাত করে জ্ঞান হারায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বরিশাল ব্যুরো
জামালপুরে স্ত্রীকে হত্যায় স্বামীর ফাঁসি
জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যায় বৃহস্পতিবার স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামের বাসিন্দা। উল্লেখ্য, ২০১২ সালের ১১ ডিসেম্বর লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী ইসমত আরা খাতুনকে গলা টিপে হত্যা করে আনোয়ার। জামালপুর প্রতিনিধি
ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ
সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় তিন সদস্য অস্ত্র-গুলিসহ বুধবার বিকালে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। এ সময় ডাকাতদলের হাতে অপহৃত ও জিম্মি এক জেলেকে উদ্ধার করা হয়েছে। পূর্ব সুন্দরবনের তাম্বুলবুনিয়া ফরেস্ট অফিসসংলগ্ন কলামুলি খাল এলাকায় ওই তিন সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ড টহলদলের কাছে আত্মসমর্পণ করে। মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মুলাদীতে ১৫ বছর পর আসামি গ্রেফতার
মুলাদীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পাঁচ বছরের দণ্ডিত পলাতক আসামি নাসির উদ্দিনকে ১৫ বছর পর বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। নাসির উদ্দিনের বাড়ি উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর চরডিগ্রী গ্রামে। তিনি প্রায় ১৫ বছর পলাতক ছিলেন বলে জানায় পুলিশ। মুলাদী (বরিশাল) প্রতিনিধি
রায়পুরায় অনিয়মে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
রায়পুরায় বিভিন্ন অনিয়মের দায়ে বৃহস্পতিবার দুপুরে সিরাজ খান আধুনিক ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানটিতে যথাযথভাবে রিএজেন্ট সংরক্ষণ না করা, প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন ল্যাব টেকনিশিয়ান না রাখা, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম পাওয়া যায়। রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
খালাম্মা পরিচয়ে ছাত্রীকে অপহরণচেষ্টা, তরুণী আটক
নাসিরনগরে খালাম্মা পরিচয় দিয়ে ছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার সকালে সুমাইয়া আক্তার নামে এক তরুণীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ওইদিন সকালে তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী জান্নাত ক্লাস করছিল। এ সময় বিদ?্যালয়ে প্রবেশ করে ওই তরুণী নিজেকে ‘খালাম্মা’ পরিচয় দিয়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ইটনা হাওড়ে অস্ত্রের মুখে নৌ-ডাকাতি
ইটনার হাওড়ে বুধবার রাতে বাদলা ইউনিয়নের বর্শিকুড়া-শেয়ারপুর ব্রিজসংলগ্ন বগাডুবি খাল এলাকায় চলন্ত ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, এমনকি হাঁড়ি-পাতিলসহ অন্য মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাতদল। উপজেলার যাত্রাপুর গ্রামের সদরঞ্জন দাস হাঁসের বাচ্চা কিনতে নৌকাযোগে তাড়াইলে যাচ্ছিলেন। কিশোরগঞ্জ ব্যুরো
গৌরনদীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
গৌরনদীতে বসতঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রবিউল শিকদার (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পৌরসভার গোবর্ধন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রবিউল ওই এলাকার মৃত জামাল শিকদারের ছেলে। তার লাশ মর্গে পাঠানো হয়েছে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি








