কক্সবাজারে স্লিপার কোচে ৯২ হাজার ইয়াবা
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীবাহী স্লিপার কোচে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির হেল্পারকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সেন্টমার্টিন ট্রাভেলসের বাসটি। অভিযানকালে তল্লাশি করে বাসের ৪ ও ৫ নম্বর সিটের নিচে পাটাতনের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। কক্সবাজার প্রতিনিধি
জয়পুরহাটে ১১ দলীয় ঐক্যের জনসভা
জয়পুরহাটে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্য জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে জনসভা হয়েছে। শনিবার বিকালে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জয়পুরহাট-১ আসনের সংসদ-সদস্য ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে জেলার এনসিপি, এবি পার্টি, খেলাফত মজলিশ ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে রক্তাক্ত জুলাই-২০২৪ এর প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। জয়পুরহাট প্রতিনিধি
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত
কালীগঞ্জে রেললাইনে আটকে পড়া ছাগল উদ্ধার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় শারমিন আক্তার (৩৮) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রেনের নিচে কাটা পড়ে একটি ছাগলও মারা যায়। শনিবার দুপুরে কাকিনা ইউনিয়নের সুকানদীঘি রেলগেটসংলগ্ন লালমনিরহাট-বুড়িমারী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রেললাইনের পাশে বেঁধে রাখা ছাগল দুটি রেললাইনের সঙ্গে জড়িয়ে গেছে। তাদের সরাতে গিয়ে পার্বতীপুরগামী কমিউটার লোকাল ট্রেনের সঙ্গে ওই নারীর ধাক্কা লাগে। কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
পাবনায় মাদকবিরোধী সাইকেল র্যালি
মশালের ভাবনা, মাদকমুক্ত পাবনা এই প্রত্যয় নিয়ে শহরে মাদকবিরোধী ব্যতিক্রমী বাইসাইকেল র্যালি হয়েছে। শনিবার সকালে সামাজিক সংগঠন মশালের উদ্যোগে জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে র্যালিটি বের হয়। এতে কিশোর, তরুণসহ ২ শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার প্রতিটি স্থানে সবাই মিলে সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। প্রশাসন ব্যবস্থা নেবে। পাবনা প্রতিনিধি
ফেনীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাঁধ নির্মাণের দাবি
একনেক সভায় অনুমোদিত ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়নের দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের দাবি, সাধারণ ঠিকাদারদের মাধ্যমে নির্মিত অনেক বাঁধই টেকসই হয় না। সামান্য বন্যার চাপেই ক্ষতিগ্রস্ত হয়। শনিবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘আমরা গর্বিত, আমরা ফেনীর সন্তান’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। ফেনী প্রতিনিধি
ধর্মপাশায় সড়ক পুনর্নির্মাণের দাবিতে সড়ক অবরোধ
ধর্মপাশা সদর থেকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের পাইকুরাটি গ্রামের সামনের সড়ক পর্যন্ত পাকা সড়কটি পুনর্নির্মাণ ও প্রশস্তকরণের দাবিতে শনিবার সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সাড়ে নয় কিলোমিটার সড়কটির উন্নয়ন কাজ না হওয়ায় এটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এ সড়কে দৈনিক গড়ে ছয় শতাধিক যানবাহন চলাচল করে থাকে। ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
ওলামা লীগের সভাপতি প্রতারণা মামলায় গ্রেফতার
মহাদেবপুরে তিনটি প্রতারণা মামলায় উপজেলা ওলামালীগের সভাপতি আশেক এলাহীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, আশেক এলাহীর বিরুদ্ধে চেক জালিয়াতির তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দারুস সালাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি








