তিতাসে চাঁদাবাজি ও উত্ত্যক্তের অভিযোগে ঝাড়ু মিছিল
তিতাসে চাঁদাবাজি, পুলিশি হয়রানি ও নারীদের উত্ত্যক্তের অভিযোগে বৃহস্পতিবার বিকালে বাতাকান্দি বাজার এলাকায় আজিজুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন এবং ঝাড়ু মিছিল করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। বাতাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বাজার কমিটির কোষাধ্যক্ষ আজিজুর দীর্ঘদিন ক্ষমতার দাপটে এলাকাবাসীর থেকে চাঁদা আদায়ের অভিযোগ করেন বক্তারা। তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
জামায়াতকর্মীর বাড়িতে ৩শ বস্তা সার জব্দ
মহাদেবপুরে বুধবার রাতে শিবরামপুর গ্রামে জামায়াতকর্মীর বাড়ি থেকে ৩শ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আব্দুল লতিফকে ৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম। তবে উপজেলা জামায়াতের আমির আব্দুল আজিজ সুমন বলেন, লতিফ অসাধু ব্যবসায়ী। তাকে জামায়াতকর্মী সাজিয়ে অপপ্রচার চলছে। মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
মরিচ পচে যাওয়ায় শাশুড়ির বকা, নারীর আত্মহত্যা
তারাগঞ্জে কাঁচা মরিচ পচে যাওয়ায় শাশুড়ির বকা খেয়ে নুরনাহার (২৪) নামের এক নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খলেয়ানন্দরাম প্রামাণিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরনাহার ওই গ্রামের মনারুল হকের স্ত্রী। ওসি রুহুল আমিন বলেন, ওই নারীর লাশ মর্গে পাঠানো হয়েছে। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
হিলিতে ৩৬ ঘণ্টা পর অপহৃত যুবক উদ্ধার, আটক ২
হিলিতে মুক্তিপণের দাবিতে অপহরণের ৩৬ ঘণ্টা পর বুধবার রাতে স্থলবন্দরের চারমাথা মোড়ে ডাচ্বাংলা এজেন্ট ব্যাংক থেকে জীবনান্দ সরকার নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়। উদ্ধার জীবনান্দ সরকার মনীন্দ্রনাথ সরকারের ছেলে। গ্রেফতাররা হলো-জয়পুরহাটের পাঁচবিবির আটাপাড়া গ্রামের ইউসুফ আলী, বিরামপুরের মোজাম্মেল। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
বসুরহাট পৌরসভায় ১১৮ কোটি টাকার বাজেট ঘোষণা
বসুরহাট পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য বুধবার বিকালে ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক মাসুদুর রহমান। বাজেটে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে ৭৯ কোটি ৩৪ লাখ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে ৪ কোটি ৫৫ লাখ ৭০ হাজার, শিক্ষা ও সংস্কৃতি খাতে ৬৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আলমডাঙ্গায় মিষ্টির দোকানে জরিমানা
আলমডাঙ্গার ঘোলদাড়ী বাজারে বিভিন্ন অনিয়মের দায়ে বৃহস্পতিবার দুপুরে একটি মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে বাজারের চাল, মিষ্টি তৈরির কারখানা, ওষুধ, সার ও বীজের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় শুকুর আলীর মিষ্টি বাড়ি নামের প্রতিষ্ঠানে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। চুয়াডাঙ্গা প্রতিনিধি
বিয়ের দুদিন আগে মিলল কিশোরীর লাশ
চাটখিলে বিয়ের দুই দিন আগে সুরাইয়া আক্তার রাইসা নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাইসা ওই এলাকার রায়হান উদ্দিনের মেয়ে। শুক্রবার তার বিয়ের কথা ছিল। তাকে জোর করে বাল্যবিয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। নোয়াখালী প্রতিনিধি








