ময়মনসিংহে পরীক্ষার ৪ ঘণ্টা আগে ছাত্রীর আত্মহত্যা

ময়মনসিংহে বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা শুরুর চার ঘণ্টা আগে নগরীর কাচিঝুলি মসজিদ রোড এলাকার একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে তিশা সরকার (১৮) নামে এক কলেজছাত্রী। নিহত তিশা আলমগীর মনসুর মেমোরিয়ায় মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। তিশা তারাকান্দা মধ্যবাজার এলাকার উত্তম সরকারের মেয়ে। দুই বছর ধরে তিনি ‘নাসা টাওয়ার’ ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিল। ময়মনসিংহ ব্যুরো

ফেসবুক লাইভে এনসিপি ছাড়ার ঘোষণা জাহিদুরের

বুধবার রাতে ফেসবুক লাইভে এসে এনসিপি মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার। জাহিদুর রহমান বলেন, এনসিপির কর্মপরিবেশের সঙ্গে আমি হয়তো নিজেকে খাপ খাওয়াতে পারিনি, অথবা এনসিপিও আমার সঙ্গে এডাপ্টেবল নয়। মানিকগঞ্জ প্রতিনিধি

তালতলীতে গাছের চাপায় শ্রমিক নিহত

তালতলীর জাকিরতবক গ্রামে বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণচূড়া গাছের নিচে চাপা পড়ে রুবেল খান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত রুবেলের বাড়ি একই উপজেলার চামোপাড়া গ্রামে। গাছ ব্যবসায়ী চাঁন মিয়া জাকিরতবক গ্রামের হাতেম খানের গাছ ক্রয় করেন। বৃহস্পতিবার রুবেল ওই গাছের নিচে চাপা পড়েন। আমতলী (বরগুনা) প্রতিনিধি

জিয়ানগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ২ ফার্মেসিতে জরিমানা

জিয়ানগর বাজারে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ফার্মেসিতে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জিয়ানগর বাজারের মেসার্স আব্দুল্লাহ ফার্মেসির সিরাজুল ইসলামকে পাঁচ হাজার এবং পরশমণি মেডিকেল হলের অমল কৃষ্ণ সাহাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও হাসান হাফিজুর রহমান। পিরোজপুর প্রতিনিধি

পায়রা সেতুতে ঘুস নিয়ে ট্রাক পার, টোলকর্মী চাকরিচ্যুত

পটুয়াখালীর পায়রা সেতু টোল প্লাজায় ঘুস নিয়ে অতিরিক্ত পণ্যবোঝাই একটি ট্রাক পারাপারে সহায়তার অভিযোগে টোলকর্মী হাসানকে চাকরিচ্যুত করা হয়েছে। এক হাজার টাকা ঘুস নিয়ে ট্রাকটি পার হতে দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। একই ঘটনায় ট্রাকচালক কবির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পটুয়াখালী প্রতিনিধি

আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ

আগৈলঝাড়ায় মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। গৈলা মডেল ইউনিয়নবাসীর উদ্যোগে বৃহস্পতিবার সড়কের নিমতলা বাসস্ট্যান্ডে মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

ভুয়া চিকিৎসা কাগজপত্রে জামিনের চেষ্টা, ৩ জনের কারাদণ্ড

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার বিকালে ভুয়া চিকিৎসা সংক্রান্ত কাগজ দাখিল করে জামিনের চেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন স্টাফসহ তিনজনকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিতরা হলো- তাসলিমা, নজরুল ইসলাম ও নূরুল হক। আসামি হারুন খানের স্ত্রী তাসলিমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নজরুল ও নূরুল হকের কাছ থেকে টাকার বিনিময়ে হাসপাতালে ভর্তির কাগজপত্র নেন। আমতলী (বরগুনা) প্রতিনিধি

মির্জাপুরে আ.লীগ নেতা গ্রেফতার

মির্জাপুরে লাল মিয়া নামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে বুধবার রাতে বাঁশতৈল বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। লাল মিয়া বাঁশতৈল ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক। ২০২৪ সালের ৪ আগস্ট উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম লাল মিয়াসহ ১০০ জনের নামে মামলা করেন। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি