ক্ষেতলালে নানার বাড়িতে প্রাণ গেল শিশুর
ক্ষেতলালে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে সুবর্ণা বালা বর্মন (০১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাঁচুইল মৃধাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুবর্ণা উপজেলার দৌলতপুর দক্ষিণপাড়া গ্রামের সুপদ চন্দ্র বর্মনের মেয়ে। জানা যায়, সকালে সুবর্ণার মা আশমুনি বালা মেয়েকে নিয়ে পাঁচুইল মৃধাপাড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শিশু সুবর্ণাকে বাড়ির উঠানে রেখে তার মা ঘরের ভেতরে গেলে ওই শিশু পানিতে পড়ে যায়। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
কাউনিয়ায় হিট স্ট্রোকে নারীর মৃত্যু
কাউনিয়ার নাজিরদহ (চক্রপানি) গ্রামে শুক্রবার হিট স্ট্রোকে ফিরোজা বেগম (৪০) নামের নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের রাজ্জাকুল ইসলামের স্ত্রী। ওইদিন দুপুরে তিনি স্বামীসহ নিজেদের খেতে মরিচ তুলতে যান। কাজ শেষে স্বামী মরিচ নিয়ে স্থানীয় খানসামা হাটে বেচতে যান। এর মধ্যে স্ত্রী ফিরোজা বেগম গরমে অসুস্থ হয়ে ছটফট করতে থাকেন। পরে পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
বগুড়ায় জামায়াতের কাউন্সিলর প্রার্থী ঘোষণা
বগুড়া সিটি কর্পোরেশনের নিশ্চিন্তপুর চারমাথায় ২১নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলুর নাম ঘোষণা করেছে জামায়াত। শুক্রবার দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশে নাম ষোষণা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমির আবিদুর রহমান সোহেল। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় রুহুল কুদ্দুস ডিলুকে আবারো ভোট দেওয়ার আহ্বান জানান এ কেন্দ্রীয় নেতা। বগুড়া ব্যুরো
নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার
নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে জারুলিয়াছড়ি বিওপির সীমান্তবর্তী প্রধানঝিরি এলাকায় অভিযানের সময় কয়েকজন চোরাকারবারি মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া দেয়। এ সময় চোরাকারবারিরা ইয়াবাভর্তি কার্টন ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
সেনবাগে সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবল স্কুলছাত্র
সাঁতার শিখতে গিয়ে সেনবাগে পুকুরে ডুবে রমজান হাওলাদার নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সে একই এলাকার মো. রাসেল হাওলাদারের ছেলে এবং স্থানীয় মতইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুল শেষে বাড়ি ফিরে দুটি প্লাস্টিকের বোতল নিয়ে একাই পুকুরে সাঁতার শিখতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। সেনবাগ প্রতিনিধি
পাঁচবিবিতে ১০টি স্বর্ণের বারসহ যুবক আটক
পাঁচবিবি সীমান্তে অভিযানে চালিয়ে ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ পাঁচবিবির কোতালীবাগ এলাকার বাসিন্দা মো. মামুনুর রশীদকে আটক করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। বৃহস্পতিবার ভোরে ব্যাটালিয়নের বিশেষ টহল দল ও হাটখোলা বিওপির সদস্যরা সীমান্তবর্তী রতনপুর-শালুয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে ধাওয়া করে আটক করে। পরে ওই স্থানের ধানখেতের কাদায় পলিথিনে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। জয়পুরহাট প্রতিনিধি
কোম্পানীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অবিশুদ্ধ খাবার বিক্রি
কোম্পানীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল ডিসপ্লেতে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে দুটি ফার্মেসিতে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অবিশুদ্ধ খাবার পানি পরিবেশনের অপরাধে একটি হোটেলে জরিমানা হয়েছে। বৃহস্পতিবার রাতে বসুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে ইউনিটি ফার্মেসিতে ১০ হাজার, সুমন ফার্মেসিতে ৫ হাজার এবং হক হোটেলে ১০ হাজার জরিমানা করা হয়। কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
অফিস উদ্বোধন ঘিরে জলঢাকায় ১৪৪ ধারা জারি
জলঢাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জলঢাকা সেন্ট্রাল বাসস্ট্যান্ড ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে। জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
বাবার জানাজা পড়তে প্যারোলে মুক্তি হত্যা মামলার আসামির
রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া বাবার জানাজায় অংশ নিতে তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন হত্যা মামলার আসামি মো. সাইফুল ইসলাম। শুক্রবার বিকালে বড়ইয়া ইউনিয়নের আধাখোলা এলাকায় তিনি পুলিশ প্রহরায় বাবা বেল্লাল হাওলাদারের জানাজায় অংশ নেন। এপ্রিল মাসের মিলন হাওলাদার হত্যা মামলায় ২৬ জুন ঢাকার মোহাম্মদপুর থেকে র্যাব-৩ এর হাতে তিনি গ্রেফতার হয়েছিলেন। রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি








