জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাসের উদ্যোগে পশ্চিমা সংস্কৃতির আদলে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই ক্ষোভ ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, জাতীয় সংসদ ভবন কোনো সাধারণ বিনোদনকেন্দ্র বা পার্ক নয়। এর দক্ষিণ প্লাজার মতো স্থানকে আমোদ-প্রমোদের কেন্দ্রে পরিণত করা মেনে নেওয়া হবে না। এই ভবন একটি স্বাধীন-সার্বভৌম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী পবিত্র স্থান এবং কোটি কোটি মানুষের জাতীয় মর্যাদার প্রতীক।
এই মর্যাদাপূর্ণ ভবনের চত্বরে মার্কিনিদের তথাকথিত স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গানবাজনা ও সংস্কৃতির নামে নগ্ন আসর বসানো অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক এবং বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের ওপর চরম আঘাত।
তিনি সরকারকে অবিলম্বে এ ধরনের জাতীয় সংবেদনশীল ও পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষার জোর আহ্বান জানান। অন্যথায় এদেশের তৌহিদি জনতা জাতীয় ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় রাজপথে নামতে বাধ্য হবে।








