জাতীয় সংসদের বৈঠক চলাকালে এক সংসদ-সদস্যের মোবাইল ফোন ব্যবহার করাকে কেন্দ্র করে অধিবেশন কক্ষে সব সংসদ-সদস্যকে সতর্ক করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয় সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ নিয়ে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনার সময় এ ঘটনা ঘটে। আলোচনার এক পর্যায়ে স্পিকার প্রকাশ্যে মোবাইল ব্যবহার করতে দেখে এক সংসদ-সদস্যকে উদ্দেশ করে বলেন, মাননীয় সংসদ-সদস্য একেএম মোশারফ হোসেন, সংসদে কেউ কেউ টেলিফোন ব্যবহার করেন একটা আড়াল রেখে। আপনি তো খুল্লাম খুল্লা ইউজ করছেন। এরপর স্পিকার তাকে সংসদের বৈঠক চলাকালে ফোন ব্যবহার না করার অনুরোধ জানান। স্পিকার রুলিং দিয়ে বলেন, অনুগ্রহ করে সংসদে ফোন ব্যবহার করবেন না। এটি রীতিবিরুদ্ধ। এটি সবার জন্য প্রযোজ্য। সংসদের মর্যাদা সমুন্নত রাখবেন, এটাই আমি আশা করি। বর্তমান সংসদে একেএম মোশাররফ নামে কোনো সংসদ সদস্য নেই। সংসদে তিনজন মোশাররফ হয়েছে। তারা হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি পটুয়াখালী-৪ আসনের এবিএম মোশাররফ হোসেন এবং বগুড়া-৪ আসনের মোশারফ হোসেন। তিনজনই বিএনপি দলীয় এমপি। সংসদের বৈঠকে অংশ নেওয়া একাধিক সংসদ-সদস্যের সঙ্গে আলাপ করে জানা গেছে, স্পিকার বগুড়া-৪ আসনের মোশারফ হোসেনকে উদ্দেশ করে মন্তব্য করেছেন।








