জাতীয় সংসদের মুলতবি অধিবেশ আজ বেলা ৩টায় ফের বসবে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এতে সভাপতিত্ব করবেন। এটি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশন। ৭ জুন অধিবেশন শুরু হয়। ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেস করেন। এরপর দীর্ঘ আলোচনা শেষে প্রথমে সম্পূরক বাজেট পাস করা হয়। পরবর্তীতে ৩০ জুন বাজেট অনুমোদন এবং অর্থ বিল পাসের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ৭ জুলাই বেলা ৩টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন। ১৫ জুলাই অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সোমবার যুগান্তরকে বলেন, বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ আইন এই সময়ে পাস হওয়ার কথা রয়েছে। এছাড়াও জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধীদলের পক্ষ থেকে আনা কয়েকটি নোটিশের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে। এই অধিবেশনেই সংবিধান সংশোধনে কমিটি গঠন করা হবে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।