জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গত ১৭ বছরে অনেক মায়ের বুক খালি হয়েছে। অনেক বাবা তার সন্তান হারিয়েছেন। এই মজলুম দলের মধ্যে বিএনপিও ছিল, জামায়াতে ইসলামীও ছিল। সবার একটাই উদ্দেশ্য ছিল, বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার পতন করব। খুনি হাসিনাকে বাংলাদেশে শাস্তির আওতায় নিয়ে আসব। আমরা গণতন্ত্রের কাছে গিয়ে জনগণের ওপর ভরসা করেছি। জনগণ নির্বাচনে এসেছে। তারা দুটি ভোট দিয়েছে। একটি হলো বাংলাদেশের আমূল পরিবর্তনের জন্য, আরেকটি হলো জনপ্রতিনিধি নিয়োগের জন্য ভোট। এই ১ হাজার ৪০০ ভাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে, হাজার হাজার মানুষের পঙ্গুত্ববরণের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের ৭৫ শতাংশ মানুষ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু নির্বাচনের পর আমরা দেখলাম, ৭৫ শতাংশ মানুষের বিরুদ্ধে গিয়ে গণভোটের রায় বাস্তবায়ন না করে, সংস্কার প্রক্রিয়ার ভেতর না গিয়ে সরকার উলটো দিকে হাঁটা শুরু করেছে। আমরা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারব না। সংস্কার বাস্তবায়ন না হলে আমরা সরকার পতনের আন্দোলনে যাব। নাসীরুদ্দীন পাটওয়ারী রোববার সন্ধ্যায় এগারোদলীয় ঐক্যজোটের বড়লেখা উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। বড়লেখা সদর ইউপি জামায়াত সেক্রেটারি জয়নাল উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন।