গাজীপুর সদর উপজেলায় প্রবাসীর দুই সন্তানকে জিম্মি করে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কৃষক লীগ নেতার বিরুদ্ধে। গত ২৪ জুন রাত সাড়ে ৮টায় সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

পরে সোমবার (২৯ জুন) রাতে ভুক্তভোগী (৩৪) বাদী হয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত কাইয়ুম মীর (৪৬) সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মৃত আমজাদ হোসেন মীর বাদলের ছেলে। তিনি ওই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সভাপতি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ভুক্তভোগীর স্বামী প্রবাসে থাকায় তিনি শুধু দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করছিলেন। এই সুযোগে এলাকার কাইয়ুম মীর গত ছয় থেকে সাত মাস ধরে তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় অভিযুক্ত তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২৪ জুন রাত সাড়ে ৮টায় অভিযুক্ত কাইয়ুম ভুক্তভোগীর বাড়িতে গিয়ে বলেন- রাজনৈতিক বিভিন্ন মামলায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে। তাই তিনি ওই রাতে আশ্রয় চান। মানবিক কারণে ভুক্তভোগী তাকে ঘরে থাকতে দেন।

পরে রাত আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত আবারও কু-প্রস্তাব দেন। এতে রাজি না হলে ঘরে থাকা একটি ধারালো বঁটি দিয়ে ভুক্তভোগীর চার মাস বয়সি শিশুপুত্রের গলায় ধরে তাকে হত্যা এবং ১৩ বছর বয়সি মেয়ের ক্ষতির হুমকি দেন। সন্তানদের প্রাণনাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত কাইয়ুম মীরের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এফএ/এএসএম