নারায়ণগঞ্জ জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর (৩৮) নামে এক বন্দি মারা গেছেন।

সোমবার (২৯ জুন) রাতে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে মারা যান তিনি।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ। 

তিনি জানান, গত রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জাহাঙ্গীরকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর আড়াইহাজার উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। রূপগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে তিনি ২০১৪ সাল থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

কারা সুপার ফোরকান ওয়াহিদ জানান, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে জাহাঙ্গীরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।