দিনাজপুরের হাকিমপুরে খাবারের প্রলোভন দেখিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাজ্জাদ হোসেনকে (৫৮) আটক করে মঙ্গলবার (৩০ জুন) পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

গত রবিবার দুপুর আড়াইটার দিকে ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে। রবিবার দুপুরে মাদ্রাসায় যাওয়ার পথে সাজ্জাদ হোসেন তাকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে মাদরাসা কর্তৃপক্ষ দেরির কারণ জানতে চাইলে শিশুটি চুপ থাকে। একই মাদ্রাসায় পড়া অন্য এক শিশু ঘটনাটি কর্তৃপক্ষকে বলে। পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ শিশুটির পরিবারকে বিষয়টি জানায়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ঘটনাটি জানাজানি হলে সাজ্জাদ হোসেন পালানোর চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।