গাজীপুর সদর উপজেলায় সন্তানদের প্রাণনাশের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষক লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী (৩৪) বাদী হয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার রাতে ভুক্তভোগী জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ জমা দেন।

অভিযুক্ত কাইয়ুম মীরকে (৪৬) ধলীপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মীর বাদলের ছেলে। তিনি ভাওয়ালগড় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে ভুক্তভোগী জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। তিনি দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বাস করছেন। এই সুযোগে ছয় থেকে সাত মাস ধরে কাইয়ুম মীর বিভিন্ন সময় তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি প্রত্যাখ্যান করায় অভিযুক্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন।

২৪ জুন রাতে কাইয়ুম মীর ভুক্তভোগীর বাড়িতে এসে দাবি করেন, রাজনৈতিক বিভিন্ন মামলায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে। নিরাপত্তার জন্য ওই রাতে আশ্রয় প্রয়োজন বলে জানালে মানবিক বিবেচনায় তাকে ঘরে থাকতে দেন ভুক্তভোগী।

পরে রাত আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত আবারও অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হলে ঘরে থাকা একটি ধারালো বটি দিয়ে চার মাস বয়সী শিশুপুত্রের গলায় ঠেকিয়ে হত্যার হুমকি দেন। একইসঙ্গে ১৩ বছর বয়সী মেয়ে সন্তানেরও ক্ষতি করার ভয় দেখান। সন্তানদের নিরাপত্তার কথা বিবেচনা করে অসহায় অবস্থায় তিনি ধর্ষণের শিকার হন বলে অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী।

এ বিষয়ে অভিযুক্ত কাইয়ুম মীরের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেছেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”