শপথ গ্রহণের ৫ দিন পর বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটি বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসককে সংগঠনটির প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের অনুবিভাগের মহাপরিচালক (প্রতিকল্প) আয়েশা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, যেহেতু বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২৮ নির্বাচন আইন ও বিধি মোতাবেক পরিচালিত হয়নি। বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চলমান অস্থিরতা ও অসন্তোষ দূরীকরণের লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ বাণিজ্য বিধিমালা ২০২৫ ও সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক। সেহেতু, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান কমিটি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) প্রশাসক হিসেবে নিয়োগ করা হল।
তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয় অবহিত করতে বলা হয়েছে।
এর আগে গত ১৭ মে বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক (২০২৬-২৮) নির্বাচনে সভাপতিসহ ১৫ পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৯ জুলাই নব নির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের ৫ দিনের মধ্যে কমিটি বাতিল করল মন্ত্রণালয়।
নাহিদ ফরাজী/এএইচ/জেআইএম








